প্রকাশের তারিখঃ Feb 7, 2026 ইং
কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন
দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগার সুত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে গত বছর ১৭ আগষ্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দিনাজপুর কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন ৩০ এপ্রিল ১৯৪০ সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। তিনি ৫ বারের এমপি ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।
Copyright © 2026 All rights reserved.